১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীর লালদীঘির ময়দানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়দানে আসতে শুরু করেন। এসময় আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সন্ধ্যায় লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা কর্নেল (অব.) অলি আহমদ। সেই সঙ্গে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ময়দানে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের/ছবি: জাগো নিউজ
সমাবেশ ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থলের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দানে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের।
দুপুরে সমাবেশস্থলে পুলিশের কে-৯ ইউনিট ও সিএমপির সদস্যরা প্রশিক্ষিত কুকুর নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালান। এসময় অন্যদের বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনা পরীক্ষা করতে দেখা যায়। পাশাপাশি সিএমপির কনস্ট্যাবুলারি সার্ভিস ব্রাঞ্চের (সিএসবি) সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আরও পড়ুন
যে আকাঙ্ক্ষায় এত মানুষ জীবন দিয়েছে, সেই দেশ আমরা পাবো: মান্না
ছয় দফা দাবিতে আজ সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে লংমার্চ শুরু হয়। এর আগে সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
১১ দলীয় ঐক্যের দাবিগুলোর মধ্যে রয়েছে- গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি।
এমআরএএইচ/একিউএফ





