যুক্তরাষ্ট্রে কনসার্ট সফরে গিয়ে পরিবার থেকে দূরে জন্মদিন কাটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ সেপ্টেম্বর ছিল এই গায়কের জন্মদিন। বিশেষ দিনটিতে পাশে ছিলেন না পরিবারের সদস্যরা, বিশেষ করে ছোট্ট মেয়ে ইনায়াকে কাছে না পাওয়ার কষ্টই বেশি অনুভব করেছেন তিনি।
আরও পড়ুন
‘একদিন আমরা শাকিব খানকে লাঞ্ছিত করেছি, আজ সে প্রতিশোধ নিচ্ছে’
তবে পরিবার থেকে দূরে থাকলেও ভক্ত, সহশিল্পী ও প্রবাসীদের ভালোবাসায় জন্মদিনটি স্মরণীয় হয়ে উঠেছে ইমরানের। জন্মদিনেই যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ফোবানা কনভেনশনের একটি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।
জন্মদিনের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান লেখেন, ‘পরিবার থেকে দূরে থেকে জন্মদিন কাটানোটা সহজ নয়। বিশেষ করে আমার ছোট্ট মেয়ে ইনায়াকে ছেড়ে আজ এত দূরে বসে থাকতে একটু বেশিই কষ্ট লাগছে। তবে আপনাদের ভালোবাসা, সারপ্রাইজ আর শুভকামনা সেই কষ্টটা অনেকটাই ভুলিয়ে দিয়েছে।’
ইমরানের জন্য এবারের জন্মদিনটি আরও বিশেষ। কারণ, এই জন্মদিনের সঙ্গেই তার মেয়েকে পাওয়ার সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই বিশেষ দিনটিতে মেয়েকে কাছে না পাওয়ার আক্ষেপও কিছুটা বেশি অনুভব করেছেন তিনি।
প্রবাসে থেকেও সহশিল্পী ও আয়োজকদের কাছ থেকে পেয়েছেন নানা সারপ্রাইজ। নিজের ব্যান্ডের সদস্যদের পাশাপাশি সংগীতশিল্পী কণা, জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এস এ অলক ও ফোবানা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইমরান।
দেশের ভক্ত ও বন্ধুদের শুভেচ্ছার জবাব দিতে গিয়ে তিনি জানান, কনসার্টের ব্যস্ততার মধ্যেও সবার ভালোবাসা তার কাছে পৌঁছেছে। একসঙ্গে সবার বার্তার উত্তর দিতে না পারলেও প্রতিটি শুভেচ্ছা তিনি অনুভব করেছেন।
আরও পড়ুন
শাকিব খানই কি বুবলীর মেয়ের বাবা, যা বললেন অঞ্জলি সাথী
বর্তমানে যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন ইমরান। ব্যস্ত সফরসূচির মধ্যেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনাই তাকে আনন্দিত করছে বলে জানিয়েছেন এই শিল্পী।
এলআইএ





