ঢাকার সাভারে সাত বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে ভোলা, বরিশাল সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।

গ্রেফতাররা হলেন- সাভার পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শর‌ইয়্যাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।

পুলিশ জানায়, ছয় মাস ধরে ওই মাদরাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ওই মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেনসহ বেশ কয়েকজন বলাৎকার করে আসছিল। পরে এই ঘটনায় ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে আজ ভোর রাতে এসব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান।

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী / জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

এর আগে, শিশুটিকে মাদরাসায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

অন্য চারজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা, অভিযুক্তদের পালিয়ে যেতে সহায়তা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এনএইচআর/এএসএম